ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে পৌঁছেছে। সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১৬ হাজার ৭০০ জন আহত হয়েছেন এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত মাসে আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সরকারি হিসাবে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে। এই দুর্যোগে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৫ জনে। এছাড়া ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

দুর্গত মানুষের সহায়তায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। তথ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। চিকিৎসা সহায়তার আওতায় ২৩ হাজার ৮২০ জনকে সেবা দেওয়া হয়েছে এবং দুর্গতদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।