দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ ও উন্মাদনার সৃষ্টি করেছে। আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে দর্শকদের এই ব্যাপক কৌতূহলের অন্যতম কারণ হলো, রাজনীতিতে পূর্ণকালীন যোগ দেওয়ার আগে এটিই হতে যাচ্ছে বিজয়ের শেষ সিনেমা। প্রায় সাত মাস বিলম্বের পর ছবিটির মুক্তি ঘিরে এই বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি ও কেরালাসহ বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিছু প্রেক্ষাগৃহে টিকিটের চাহিদা এতই বেশি যে অনেক প্রদর্শনী মুহূর্তেই শেষ হয়ে গেছে। বেঙ্গালুরুর সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের জন্য ২ হাজার ৫০০ রুপি মূল্য নির্ধারণ করা হয়েছে, যা এখন পর্যন্ত সিনেমাটির সর্বোচ্চ টিকিট মূল্য। উচ্চমূল্য সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। এছাড়া ৮০০ থেকে ১ হাজার রুপি মূল্যের প্রিমিয়ার শোগুলোর অধিকাংশ টিকিট বুকিং শুরুর কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে গেছে এবং ভোর ৬টা ৩০ মিনিটের অনেক প্রদর্শনীই এখন ‘হাউসফুল’ ঘোষণা করা হয়েছে।
তবে তামিলনাড়ুতে সরকারের নির্ধারিত মূল্যসীমা বজায় রাখা হয়েছে। সেখানে চেন্নাইয়ে সর্বোচ্চ টিকিটের দাম ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি রাখা হয়েছে। এরপরও দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে; কামালা সিনেমাস জানিয়েছে, বুকিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি সম্পন্ন করেছে। কেবল ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি নিয়ে ব্যাপক চাহিদা রয়েছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বুকিং চালুর মাত্র এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
এইচ বিনোথ পরিচালিত এই সিনেমাটিতে বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মমিথা বাইজুসহ আরও অনেকে। কেভিএন প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত এই ছবিটি মূলত জানুয়ারি মাসে মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতার কারণে তা পিছিয়ে যায়।
অধিকাংশ স্থানে তামিল সংস্করণের টিকিটের দাম ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের দাম ১ হাজার রুপিরও বেশি।

