ভাইরাল জিয়া হকের ‘জুলাই’ গান, নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া

জুলাই শহীদ-স্মরণ ও জুলাই চেতনাকে উপজীব্য করে নির্মিত ‘জুলাই’ শিরোনামের নতুন একটি গান নেটিজেনদের মন জয় করে নিয়েছে। জনপ্রিয় কবি ও গীতিকার জিয়া হকের লেখা এই গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী আবু উবায়দা। গত সোমবার (১০ জুলাই) দুপুরে শিল্পীর ব্যক্তিগত ফেসবুক পেইজে গানটির ডেমো সংস্করণ প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শিল্পীর ফেসবুক ওয়াল থেকে গানটি প্রায় দশ লাখ বার দেখা হয়েছে।

গানটি নিয়ে শিল্পী আবু উবায়দা বলেন, ‘জুলাই সেই আগুন, সেই অস্থিরতা, সেই না বলা কথা, সেই চোখের ভাষা, যা সময় পেরিয়ে গেলেও মুছে যায় না। ভয়, সাহস, হারানো আশা আর ফিরে দাঁড়ানোর অনুভূতিগুলোকে একসাথে ধরে রাখার ছোট্ট একটি চেষ্টা এই গান। আশা করি গানটি সকল শ্রেণি-পেশার মানুষকে বিমোহিত করবে। জুলাইয়ের চেতনা ধারণে দারুণ সহায়ক হবে ‘জুলাই’ গানটি।’

গীতিকার জিয়া হক জানান, গানটি প্রকাশের পর থেকেই তিনি শ্রোতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। তিনি বলেন, ‘জুলাই গানটি শুনলে মনে হবে নিজের একান্ত মনের কথাই শুনেছেন। শ্রোতারা জুলাইয়ের চেতনা ধারণে বারবার গানটির কাছে ফিরে আসবে। গানটি জুলাইয়ের একটি ঐতিহাসিক দলিল হিসেবে টিকে থাকবে বলে আমাদের বিশ্বাস। ডেমো রিলিজের পর হাজার হাজার টেক্সট পাচ্ছি। অনেক মানুষ আবেগতাড়িত হয়ে পড়ছেন। ভালো লাগার, ভালোবাসার কথা জানাচ্ছেন। এটা অবশ্যই একজন লেখকের জন্য ভালো খবর।’

জিয়া হক আরও উল্লেখ করেন যে, গানের কিছু বিশেষ লাইন শ্রোতাদের মনে গভীর দাগ কেটেছে। বিশেষ করে, ‘জুলাই আমার বুকের ভেতর ইনকিলাবের ফুল/ জুলাই আমার জিন্দাবাদের ইনসাফ দুলদুল/ জুলাই আমার নাম-পরিচয়— হুজুর হুজুর না না/ জুলাই আমার প্রতিবাদের প্রতিরোধের ডানা’— এই অংশগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

উল্লেখ্য, এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘মাহদির ঝংকার’ এবং ‘কোটি হাদির ডাক’-এর মতো বিপ্লবী কবিতা ও গানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সৃষ্টিগুলোর মতোই জুলাই গানটিও মিলিয়ন ভিউ অর্জনের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।