লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। এবারের আয়োজনে জেলাজুড়ে ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে ইপিআই কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ হিল হাকিম, সহকারী করআদায়কারী মোহাম্মদ আজাদ হোসেন, এমটিপিআই কামরুন নাহার এবং টিকাদানকারী সুপারভাইজার সজল কান্তি কুরী ও জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ এবং লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় ১৭ হাজার ৩৪৬ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ক্যাম্পেইন অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ জন শিশু এই ক্যাপসুল পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে।
