বিশ্বকাপের উদ্বোধনী রাতে ওটিটি প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সমস্যা, দর্শকদের ভোগান্তি

বিশ্বকাপের উদ্বোধনী রাতে প্রযুক্তিগত জটিলতায় দর্শক

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ দেখতে দর্শকদের প্রস্তুতির কমতি ছিল না। তবে অনলাইনে সাবস্ক্রিপশন কিনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন যারা, তাদের জন্য প্রথম দিনটি ছিল ভোগান্তির। বিশ্বকাপের শুরুতেই প্রযুক্তিগত জটিলতার মুখে পড়েছেন বাংলাদেশের অনেক ফুটবলপ্রেমী।

খেলা দেখতে গিয়ে টফি ও বায়োস্কোপে প্রবেশ করতে না পারা, লগইন ব্যর্থ হওয়া, স্ট্রিম চালু না হওয়া এবং বারবার নেটওয়ার্ক ত্রুটি দেখানোর মতো অভিযোগ ব্যবহারকারীদের কাছ থেকে উঠে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে টফি সম্প্রচার জটিলতার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, দ্রুত এই সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মটি।

সম্প্রচার প্ল্যাটফর্ম ও সাবস্ক্রিপশন

বাংলাদেশে বিশ্বকাপের অনলাইন সম্প্রচারের জন্য মূলত টফি ও বায়োস্কোপের ওপরই নির্ভর করতে হচ্ছে দর্শকদের। বায়োস্কোপ ৯৭ টাকায় ৫০ দিনের জন্য টুর্নামেন্টের সব ১০৪টি ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে। অন্যদিকে, টফির বিশেষ টুর্নামেন্ট পাসের মূল্য শুরুতে ৯৯ টাকা রাখা হলেও পরে তা ১২৯ টাকায় উন্নীত হওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে বাংলালিংক ঘোষণা দিয়েছিল, টফির মাধ্যমে স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে। একইভাবে গ্রামীণফোনও জানিয়েছিল, বায়োস্কোপের পাশাপাশি মাইজিপি ও স্কিটো অ্যাপ থেকেও ম্যাচ উপভোগ করা যাবে।