ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড শিবির। মঙ্গলবার ইডেন পার্কে ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লাগে ওপেনার ডেভন কনওয়ের। এই সংঘর্ষের পর কনওয়ে মাথায় আঘাত পান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তাঁর কনকাশন বা মস্তিষ্কে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ফলে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাঁর খেলা হচ্ছে না।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, দুর্ঘটনার পর দুই খেলোয়াড়কেই তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয় এবং মাথায় আঘাতের বিষয়টি মূল্যায়ন করা হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “উভয় খেলোয়াড়কে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। ভারত সিরিজে তাঁদের পরবর্তীতে অংশগ্রহণ সম্পর্কিত বিষয়ে যথাসময়ে জানানো হবে।” অন্যদিকে ম্যাট হেনরির পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
পেসার ম্যাট হেনরি ডান পায়ের কোয়াড্রিসেপসের চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। সেই চোট থেকে সেরে ওঠার পথেই তিনি আবারও এই দুর্ঘটনার মুখে পড়লেন। ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দল চোট সমস্যায় বেশ জর্জরিত। এর আগেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মার্ক চ্যাপম্যান এবং কাঁধের সমস্যার কারণে রচিন রবীন্দ্র পুরো ওয়ানডে সিরিজ থেকেই বাদ পড়েছেন।

