আইপিএলের নতুন দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ চামিন্দা ভাস

আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার চামিন্দা ভাস। প্রধান কোচ সৌরভ গাঙ্গুলির অধীনে দলের নতুন কোচিং প্যানেলে যুক্ত হলেন তিনি। ৫২ বছর বয়সী ভাস এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে তিন দফায় কাজ করেছেন। তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো আইপিএলের কোচিং স্টাফে যুক্ত হলেন লঙ্কান এই তারকা। তিনি বিদায়ী কোচ মুনাফ প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত দুই মৌসুমে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া সম্প্রতি দিল্লি ক্যাপিটালস যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে দলে ভিড়িয়েছে।

খেলোয়াড়ি জীবনে টেস্টে ৩৫৫ ও ওয়ানডেতে ৪০০ উইকেটের মালিক ভাস কোচ হিসেবে বেশ অভিজ্ঞ। তার কোচিং ক্যারিয়ারের সূচনা হয়েছিল নিউজিল্যান্ডের সাথে স্বল্পমেয়াদী চুক্তির মধ্য দিয়ে। এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে ১৩টি আইপিএল ম্যাচে অংশ নিয়ে ১৮টি উইকেট শিকার করেছিলেন ভাস।