আইয়ুব বাচ্চুর জন্মদিনে নতুন আয়োজনে আসছে ২০ গান নিয়ে অ্যালবাম ‘উত্তরাধিকার

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তার জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে নিয়ে আসা হচ্ছে। ‘উত্তরাধিকার’ শিরোনামের এই বিশেষ অ্যালবামটি ডাবল সিডি ফরম্যাটের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হবে। আইয়ুব বাচ্চুর কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যালবামটিতে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’-এর মতো শ্রোতাপ্রিয় গানগুলো নতুন করে পরিবেশন করেছেন দেশের আটটি জনপ্রিয় ব্যান্ড ও ১২ জন শিল্পী। গানগুলোর সংগীতায়োজনে আধুনিকতার ছোঁয়া থাকলেও মূল সুর ও আবেগ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়েছে।

অ্যালবামের গানগুলোর পরিবেশনায় অংশ নিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন এবং এ কে রাহুল। এছাড়াও একক শিল্পীদের মধ্যে বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন, অটামনাল মুন, কনক আচার্য ও তওফিক-এবি-মেনন গানগুলো গেয়েছেন।

প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু করার ইচ্ছা থেকেই তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা যোগাযোগ করেন। এরপরই আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশের প্রস্তাব আসে। দীর্ঘ আলোচনার পর ২০টি গান নিয়ে চূড়ান্ত হয় ‘উত্তরাধিকার’ অ্যালবামের কাজ। পুরো অ্যালবামের গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।