ফেসবুকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

শাড়ি সংক্রান্ত একটি বিরোধের জেরে চলমান আইনি লড়াইয়ের মধ্যেই নতুন করে আইনি জটিলতায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী বাদী হয়ে এ মামলাটি করেছেন।

গত রবিবার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলা আবেদন করা হলে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আদালত অভিযোগ তদন্ত করে আগামী বছরের ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, তানজিন তিশার বিরুদ্ধে পূর্বেও বাদীর দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলাসহ মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে আরও একটি নালিশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধ ও বিদ্বেষের জের ধরে গত ২৭ অক্টোবর তানজিন তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর অজান্তে একটি চুম্বনের ছবি এবং দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবি প্রকাশ করেন। এতে তাঁর সামাজিক সম্মান ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ৭ নভেম্বর মেসেঞ্জার কলে তিশা বাদীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ পরবর্তীতে ওই বিতর্কিত ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়ার পর দিন, অর্থাৎ ২৮ অক্টোবর আইনি নোটিশ পাঠিয়ে দুই দিনের মধ্যে তা অপসারণের দাবি জানানো হয়। কিন্তু নোটিশ পাওয়ার পরেও ছবি ও তথ্য না সরিয়ে নিজের সামাজিক অবস্থান ব্যবহার করে বাদীকে নিয়ে অপ্রচার অব্যাহত রেখেছেন বলে মামলায় দাবি করা হয়। উল্লেখ্য, পূর্বের মামলাটিতে আগামী ২৩ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ আগে থেকেই রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ নভেম্বর মেসেঞ্জারে কল দিয়ে বাদীকে ভাইরাল করার হুমকি দেন তিশা। গত ২৭ অক্টোবর রাতে বিষয়টি নজরে আসার পরদিন ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে একটি আইনি নোটিশ পাঠানো হয়।