মেসির বিদায়বেলায় আবেগী পরীমণি: ১০ নম্বরের গল্পটা অমর

ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলকে। মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শেষ হলো নীল-সাদা জার্সিতে তার দীর্ঘ পথচলা। কিংবদন্তি এই ফুটবল জাদুকরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে আবেগ প্রকাশ করতে গিয়ে পরীমণি লিখেছেন, ৬ অক্টোবরের এই ম্যাচটি সাধারণ কোনো খেলা ছিল না, এটি ছিল একটি স্বর্ণালি যুগের শেষ অধ্যায়। যে জার্সিটি মেসি তার স্বপ্ন, অর্জন ও জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করেছিলেন, সেই জার্সি গায়েই শেষবারের মতো মাঠে নামতে দেখেছেন প্রিয় এই ১০ নম্বর খেলোয়াড়কে। পরীমণি লিখেছেন, ‘আজকের (৬ অক্টোবর) এ ম্যাচ শুধু একটা ম্যাচ নয়…।

মেসির খেলা দেখার পুরোনো দিনগুলোর স্মৃতিচারণ করে নায়িকা আরও জানান, দিনের পর দিন রাত জেগে মেসির ফুটবল ম্যাজিক উপভোগ করেছেন তিনি। গোল করার আনন্দে যেমন উল্লাস করেছেন, তেমনি হারের দুঃখেও কেঁদেছেন বহুবার। ২০২২ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের মুহূর্তে মেসিকে ট্রফি হাতে দেখার আনন্দটা তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদায়লগ্নে পরীমণির অনুভূতি ছিল এমন—স্কোরলাইন বা জয়-পরাজয়ের চেয়েও প্রিয় তারকাকে শেষবারের মতো আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মাঠে দেখতে পারাটাই ছিল বড় প্রাপ্তি। তিনি আশাবাদী যে মেসি বিদায় নিলেও ফুটবলের ইতিহাসে অমর হয়ে থাকবেন। পরীর ভাষায়, আর্জেন্টিনার জার্সি বা প্রজন্ম বদলে গেলেও লিওনেল মেসির এই ১০ নম্বরের ম্যাজিক ও গল্প কখনোই শেষ হওয়ার নয়।