পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকারের কাছে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে এটি তাদের দ্বিতীয়বারের মতো সম্মিলিত আবেদন। এই তালিকায় ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, কপিল দেব এবং দিলীপ বেঙ্গসরকারসহ বিশ্বের নামকরা ক্রিকেটাররা রয়েছেন।
গ্রেগ চ্যাপেলের উদ্যোগে পাঠানো এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন অ্যালান বর্ডার, ইয়ান চ্যাপেল, মাইক গ্যাটিং, অর্জুনা রানাতুঙ্গা, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক এবং ক্লাইভ লয়েড। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে পাঠানো এই আবেদনে ইমরান খানের সাম্প্রতিক চিকিৎসা সংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একটি চিঠি পাঠিয়েছিলেন। এবারের নতুন আবেদনের কারণ হলো, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের চিকিৎসা ও পরিবারের সাথে সাক্ষাতের ক্ষেত্রে যে ঘাটতি দেখা গেছে, তা নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ। আদালতের নির্দেশ ছিল, ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন ড. উজমা খানকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করাতে হবে এবং পরিবারের সদস্যদের সাথে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দিতে হবে।
তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশিত বোর্ডের পরিবর্তে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত একটি মেডিকেল টিম ইমরান খানকে পরীক্ষা করে তাকে ‘মেডিক্যাল ফিট’ ঘোষণা করে দ্রুত আদিয়ালা জেলে ফেরত পাঠায়। তার পরিবার ও আইনি দলের মতে, এটি আদালতের নির্দেশনার পরিপন্থী। এই প্রেক্ষাপটে সাবেক ক্রিকেটাররা তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন: আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে মূল্যায়ন সম্পন্ন করতে দেওয়া, পরিবারের সাথে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ পুনর্বহাল করা এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা নিশ্চিত করা।
সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল বলেন, ‘আমরা পাকিস্তানের কাছে অস্বাভাবিক কিছু চাইছি না। কেবল এমন একটি আদালতের আদেশ বাস্তবায়নের অনুরোধ করছি, যা বিশ্বের বেশিরভাগ দেশে স্বাভাবিকভাবেই কার্যকর হয়।’
চিঠিতে স্বাক্ষরকারীরা স্পষ্ট করেছেন যে, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ক্রিকেট মাঠে গড়ে ওঠা সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে এই আবেদন করেছেন। তারা পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চান না বলেও উল্লেখ করেছেন।
চিঠিতে স্বাক্ষরকারী ২১ জন হলেন: মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইকেল গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, কপিল দেব নিখঞ্জ, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ বেঙ্গসরকার, স্টিফেন ওয়াহ এবং জন রাইট।

