এইচএসসি ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আখাউড়ার মারিয়া

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কাঙ্ক্ষিত ফল না আসলেও হাল ছাড়েননি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষার্থী মারিয়া আক্তার। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে শেষ পর্যন্ত সাফল্য পেয়েছেন তিনি। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে নিজের উচ্চশিক্ষার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেলেন এই শিক্ষার্থী। মারিয়া আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাঁর এই সাফল্য পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। তার ফল পরিবর্তনের খবরে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

পৌর শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা প্রবাসী শাহীন আলম ও গৃহিণী মোছা. মোসেনা আক্তারের মেয়ে মারিয়া। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করে বিসিএস কর্মকর্তা হওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শুরু থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন মারিয়া। কোনো ধরনের প্রাইভেট বা কোচিংয়ের সাহায্য ছাড়াই শুধুমাত্র কলেজের নিয়মিত পাঠদান ও নিজের অধ্যবসায়ের ওপর ভর করে তিনি এই সাফল্য পেয়েছেন। বিনা কোচিংয়ে তাঁর এমন অর্জনে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

চলতি বছরের এইচএসসি ফলাফলে ক্যামব্রিয়ান কলেজ থেকে আগে বিজ্ঞান বিভাগে লিজা আক্তার ও ব্যবসায় শিক্ষা বিভাগে রিয়া দাস জিপিএ-৫ পেয়েছিলেন। এখন পুনঃনিরীক্ষণে মারিয়ার ফল পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পাওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। মারিয়ার এই পুনর্মূল্যায়িত ফল প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যকেও আরও সমৃদ্ধ করেছে।

শিক্ষার্থীর এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, মারিয়ার এই সাফল্য তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। কোনো প্রাইভেট-কোচিং ছাড়াই কেবল প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাস, শিক্ষকদের সঠিক নির্দেশনা এবং নিজস্ব মেধা ও চেষ্টার মাধ্যমে এ ফল অর্জন সম্ভব হয়েছে, যা কলেজের পাঠদান পদ্ধতির ইতিবাচক দিককে ফুটিয়ে তোলে। তিনি আরও যুক্ত করেন, প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত যত্ন, গুণগত শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে পারলে প্রত্যাশিত ফলাফল সম্ভব। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কলেজটি কাজ করে যাচ্ছে বলে জানান অধ্যক্ষ।