দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। সরকারের প্রত্যাশা, এই রুটে ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী আয়োজনের পাশাপাশি ফিরতি ফ্লাইটসহ পরবর্তী বুকিং কার্যক্রমও শুরু হয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুটের ফ্লাইট আর বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশা প্রকাশ করেন, এবার এই রুটটি লাভজনক হবে। মন্ত্রী আরও জানান, ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই ফ্লাইট চালু হওয়া সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিগত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ বিরতির পর রোববার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ছাড়ে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অতীতেও এই রুটে ফ্লাইট চালু করা হয়েছিল, তবে লাভজনক না হওয়ায় তা একপর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল।

