কলমাকান্দায় বিনামূল্যে কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৪৫০ জন কৃষক

নেত্রকোনার কলমাকান্দায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিশেষ প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগের আওতায় মোট ২ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে প্রয়োজনীয় বীজ এবং রাসায়নিক সার পাবেন।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক সমাবশে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং কৃষক প্রতিনিধি কলি আক্তার ও হাফেজ মোহাম্মদ আলীসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রণোদনা প্রকল্পের আওতায় প্রতি বিঘা জমিতে সরিষা চাষের বিপরীতে একজন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে, যা একত্রে মোট ২১ কেজি উপকরণের সমান। প্রতিটি কৃষক পরিবারের সর্বোচ্চ এক বিঘা জমির জন্য এই উপকরণ বরাদ্দ করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বিঘার জন্য বীজের দাম ১৩২ টাকা, ডিএপি সার ১৯০ টাকা এবং এমওপি সার ১৮০ টাকা ধরা হয়েছে। এর সাথে পরিবহন বাবদ ৩১ টাকা ৫০ পয়সা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ২১ টাকা যুক্ত হয়ে কৃষকপ্রতি মোট সহায়তার অর্থমূল্য দাঁড়িয়েছে ৫৫৪ টাকা ৫০ পয়সা।

কৃষি বিভাগ জানিয়েছে, সুবিধাভোগী নির্বাচনে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই সহায়তা কৃষকদের সরাসরি উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে। এছাড়া স্থানীয়ভাবে সরিষার ফলন বৃদ্ধি ও ভোজ্যতেলের ঘাটতি পূরণের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও স্বনির্ভর করে তুলতে এ কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।