বাংলাদেশের সংগীতাঙ্গনের নন্দিত শিল্পী তপন চৌধুরী দীর্ঘ ৫০ বছরের সংগীত ক্যারিয়ার বা হাফ সেঞ্চুরি পূর্ণ করতে চলেছেন। দীর্ঘ এই পথচলার মাইলফলক উদ্যাপনের লক্ষ্যে আগামী ১২ই ডিসেম্বর কানাডার টরন্টোতে একটি বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ‘তপন চৌধুরীর সংগীত জীবনের ৫০ বছরের পথচলা উৎসব’ শিরোনামের এই অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে থাকছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাব। এর আগে ১০ বছর আগে শিল্পী তার সংগীতজীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি ক্লাবে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
নিজের সংগীত জীবনের এই বিশেষ অর্জন নিয়ে অত্যন্ত আনন্দিত তপন চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি নিয়ে তিনি বলেন, আমার সংগীত জীবনের এই সুদীর্ঘ পথচলায় আমি অনেক কিছু পেয়েছি। অনেক অর্জন আর প্রাপ্তি যেমন রয়েছে, তেমনি রয়েছে অগণিত গুণীজনের স্নেহ এবং কোটি কোটি শ্রোতার ভালোবাসা। আমি যখন ৪০ বছর পূর্তির অনুষ্ঠান করেছিলাম, তখন অনেক গুণীজন আমার আমন্ত্রণে উপস্থিত ছিলেন, যার মধ্যে শ্রদ্ধেয় রুনা লায়লা আপার দীর্ঘ সময় উপস্থিতি আয়োজনটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আমার এই ৫০ বছর পূর্তির আয়োজন সম্ভব হচ্ছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের প্রবল আগ্রহের কারণে, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি কানাডার এই আয়োজনটি বেশ সুন্দর হবে। গুণিজনদের স্নেহ ভালোবাসা, কোটি কোটি দর্শক শ্রোতার অপরিসীম ভালোবাসা আর সবার দোয়া।
কানাডার এই বিশেষ অনুষ্ঠানে তপন চৌধুরী ১৫টিরও বেশি গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন। তার জনপ্রিয় গানের তালিকায় থাকা ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিনে কি রাতে’, ‘কান্দো কেনে মন’, ‘কতো কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’ এবং ‘আমি সবকিছু ছাড়তে পারি’-সহ বেশকিছু কালজয়ী গান এই আয়োজনে থাকছে। প্রদর্শনীর বিনিময়ে আগ্রহীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন।

