জাত-ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতাবাদী দর্শন প্রচারকারী মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত হতে যাচ্ছে। এই মহান সাধকের অসাম্প্রদায়িক চেতনা ও দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত কুষ্টিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। একই সাথে ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ স্মরণানুষ্ঠান। মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা—সেই অনন্তের সন্ধানী মরমি সাধক ফকির লালন সাঁই।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ঢাকার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও যুগ্মসচিব মোহাঃ হারুন-অর-রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া প্রখ্যাত শিল্পী ও গবেষক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় লালন সংগীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা লালন শিল্পীবৃন্দ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিজস্ব শিল্পীদল এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।
উৎসবের ব্যাপ্তি কেবল কুষ্টিয়া বা রাজধানীতেই সীমাবদ্ধ নয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ অক্টোবর দেশের প্রতিটি বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে বড় পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসব অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। লালন অনুরাগী ও দর্শনার্থীদের এই আত্মানুসন্ধানী সাধকের জীবন দর্শন এবং গানের মধ্য দিয়ে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

