তুরস্কে আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর আলোচনায় এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়ে মতভেদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন নরওয়ের জলবায়ু ও পরিবেশমন্ত্রী সিগরুন আসল্যান্ড। বুধবার (১৮ নভেম্বর) এই মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রাক্কালে আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি খাতে দ্রুত রূপান্তরের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী আসল্যান্ড বলেন, সম্মেলনে বড় ধরনের কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা নিয়ন্ত্রণ, বিদ্যুতায়ন নিশ্চিত করা এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুতায়নের মতো ইতিবাচক বিষয়গুলো স্পষ্টভাবে উঠে আসবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানসম্মত উপায়ের প্রতিফলন ঘটাতে হবে।
নরওয়ের মন্ত্রী আরও বলেন, কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে সময়ক্ষেপণের সুযোগ নেই। এখনই বিদ্যুতায়নের দিকে জোরালো মনোযোগ দেওয়া প্রয়োজন। তুরস্ক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ইস্যুটিকে আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করায় তিনি সাধুবাদ জানান। এছাড়া সম্মেলনের অংশগ্রহণমূলক প্রক্রিয়াগুলোকেও তিনি জোরালো করার আহ্বান জানান।
বৈঠকে আসল্যান্ড দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনা (জিএসটি২) প্রক্রিয়া দ্রুত শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল বা আইপিসিসির নিয়মিত কার্যক্রম সচল রাখতে পর্যাপ্ত তহবিল ও বাজেট নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তির আওতায় গৃহীত সব কর্মকাণ্ডে ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করাকে তিনি জলবায়ু সংকট উত্তরণের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

