বেলরিভ ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। বেন ডাকেটের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি ও সনি বেকারের বিধ্বংসী বোলিংয়ের সুবাদে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল ইংলিশরা। আগে ব্যাটিং করতে নেমে ডাকেটের ১১৫ বলে ১৩৩ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড দলীয় সংগ্রহ দাঁড় করায় ৩২৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বেকারের তোপের মুখে পড়ে অজিরা। মাত্র ৩৪ রানেই তারা টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাট রেনশ সর্বোচ্চ ৫৫ রান করলেও পরাজয় এড়াতে পারেননি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে টম ব্যান্টন ও ডাকেট মিলে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন। ব্যান্টন ৩৫ বলে ৪৪ রান করে অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চড়াও হয়েছিলেন। তাদের উদ্বোধনী জুটিতে ৮.৪ ওভারে আসে ৭৪ রান। ডাকেট কিছুটা রয়েসয়ে শুরু করলেও ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পান এবং মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে পিঠের সমস্যার কারণে অ্যাডাম জাম্পা না থাকায় অস্ট্রেলিয়া তাদের খণ্ডকালীন স্পিনারদের ব্যবহার করে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করে। রেনশ মধ্য ওভারে দারুণ বোলিং করে জো রুট, জর্ডান কক্স ও সেঞ্চুরিয়ান ডাকেটকে সাজঘরে ফিরিয়ে ৩ উইকেট শিকার করেন। ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ১১৫ থেকে ১৯৫ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে গেলে চাপে পড়েছিল দলটি।
দলের ব্যাটিং মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে থাকা ডাকেট ৯৪ বলে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে শতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৯তম ওভারে রেনশর বলে জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে তিনি ১৫টি চার ও তিনটি ছক্কা হাঁকান। উইকেট পতনের মিছিলেও উইকেটে টিকে থেকে দলের সংগ্রহ ৩২৮ রানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উইল জ্যাকস। তিনি ৪৮ বলে ৫৯ রান করেন এবং ডাকেট ও স্যাম কারানের সাথে যথাক্রমে ৫৬ ও ৪৪ রানের দুটি কার্যকর জুটি গড়েন। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস সবচেয়ে সফল বোলার ছিলেন, যিনি ৪টি উইকেট দখল করেন।
রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ধসে পড়ে। গাস অ্যাটকিনসন ট্রাভিস হেডকে সিরিজের তৃতীয়বারের মতো আউট করেন। এরপর সনি বেকার মিচেল মার্শ ও জশ ইংলিসকে ফিরিয়ে অজিদের বিপর্যয়ে ফেলেন। রেনশ ও অ্যালেক্স ক্যারি চতুর্থ উইকেটে ৭৪ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। রেনশ দুবার জীবন পেলেও শেষ পর্যন্ত লিয়াম ডবসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপরই ক্যারি রান আউটের শিকার হন। ক্যামেরন গ্রিন ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এবং কনকাশন সাব হিসেবে অলিভার পিক তার জায়গায় খেলতে নামেন।
বোলিংয়ে ডবসনের দারুণ নৈপুণ্যে অস্ট্রেলিয়া মধ্য ওভারে খেই হারিয়ে ফেলে। তিনি কনলি, পিক ও এডওয়ার্ডসকে ফিরিয়ে ৩টি উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া ২০৩ রানে ৯ উইকেট হারিয়ে জয়ের আশা পুরোপুরি ত্যাগ করে, তবে শেষ জুটির প্রতিরোধে ব্যবধান কিছুটা কমে। হ্যারি ব্রুক স্পেন্সার জনসনকে আউট করে ইনিংস শেষ করেন। পার্থে ১৩১ রানে অলআউট হওয়ার পর অ্যাডিলেডে ১৩৫ রানের জয় ও সবশেষ এই জয় ইংল্যান্ডের দারুণ প্রত্যাবর্তনের প্রমাণ। এই সিরিজ জয় ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইংলিশদের বেশ আত্মবিশ্বাস জোগাবে।

