বুধবার ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি রাজনৈতিক দলকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, যখন সরকার দেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করতে এবং সংসদে আলোচনার মাধ্যমে উন্নয়নের ধারা এগিয়ে নিতে কাজ করছে, ঠিক তখনই পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তারেক রহমান বলেন, এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরেও এই দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা এবং এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার অপচেষ্টাই তাদের প্রমাণ। এছাড়া আমেরিকায় এনসিপির সদস্যদের সাথে দুর্ব্যবহার এবং ইতালিতে একজন নারীশিল্পীর ওপর বর্বরোচিত হামলার বিষয়টিও তিনি উল্লেখ করেন। এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা-ও আমরা দেখেছি। শুধু তা-ই নয়, ইতালিতে একজন নারীশিল্পীর ওপর কীভাবে বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছে, সেটিও দেশবাসী দেখেছে।
তারেক রহমান আরও বলেন, দলটির পলাতক নেত্রী তার অনুসারীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার এবং জনগণকে হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তাদের কর্মকাণ্ড প্রমাণ করে তারা সাধারণ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। কথায় বলে চোর না শোনে ধর্মের কাহিনি, তাই সুযোগ পেলেই এই ফ্যাসিস্টদের চরিত্র বেরিয়ে আসে। গত কয়েক দিনের ঘটনাতেও বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, এই অপশক্তির বিরুদ্ধে যেকোনো মূল্যেই রুখে দাঁড়াতে হবে। ২০২৪ সালের মতো এবারও দেশবাসীকে তাদের অশুভ তৎপরতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এ ধরনের অপশক্তিকে রুখতে ২০২৪ সালের মতো সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

