কাল্পনিক প্রধানমন্ত্রী সেজে ট্রাম্পকে বার্তা দিলেন সঞ্জয় দত্ত

গান্ধী জয়ন্তী উপলক্ষে ‘শেখর টু নাইট’ অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের মুখোমুখি হয়ে কাল্পনিক প্রধানমন্ত্রী সেজেছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনয়ের শুরুর দিকেই তিনি দেশের বর্তমান পরিবেশ নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ভারতীয়দের দয়া ও আতিথেয়তা অপরিসীম, কিন্তু আগের মতো শান্তি তিনি আর অনুভব করেন না। শিবজির কাছে তার প্রার্থনা, যেন সেই শান্তিময় দিনগুলো দ্রুত ফিরে আসে। কাল্পনিক প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার আগে দেশের সার্বিক পরিবেশ নিয়ে নিজের মনের কথা ব্যক্ত করেন সঞ্জু বাবা। তিনি বলেন, আমাদের দেশের মানুষ অত্যন্ত দয়ালু ও অতিথিপরায়ণ।

বক্তব্যের ঢং বদলে মুন্না ভাইয়ের সেই জনপ্রিয় ‘বোলে তো’ ও ‘মামু’ সম্বোধন জুড়ে তিনি দেশবাসীকে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিদেশে না গিয়ে বন্ধুদের সঙ্গেই থাকবেন, কারণ জনগণের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। গান্ধীর তিন বাঁদরের প্রসঙ্গ টেনে অভিনেতা আরও যোগ করেন, এখন চতুর্থ এক বাঁদরের বড্ড প্রয়োজন। সবাই যদি চোখ-কান-মুখ বন্ধ করে বসে থাকে, তবে অন্যায়ের প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। অন্যায় দেখলে তার প্রতিবাদ করবে কে।

সরকারি নথিতে প্রধানমন্ত্রীর ছবির চেয়ে গান্ধীর ছবি থাকা উচিত বলে মনে করেন সঞ্জয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ট্রাম্প মামু’ সম্বোধন করে তিনি পরামর্শ দেন, ক্ষেপণাস্ত্রের পরিবর্তে বিশ্বজুড়ে ভালোবাসা ও গোলাপের তোড়া পাঠানো হোক। চা চক্রের মাধ্যমে আলোচনার টেবিলেই সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে সঞ্জয় বলেন, তিনি নিজেও ট্রাম্পকে ‘জাদু কি ঝাপ্পি’ দিতে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।