কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে বজ্রপাতে শাহ আলম (৩৮) ও মোকাররম হোসেন (২৪) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা। শনিবার সকাল ৭টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে তারা হাওরে গিয়েছিলেন। নিহত শাহ আলম চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে এবং মোকাররম হোসেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে জাল নিয়ে হাওরে মাছ ধরতে নামেন তারা। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনেরা তাদের খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতদের বিষয়ে স্থানীয়রা জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।