নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমাল রুরাম (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তমাল ওই গ্রামের ক্যামেল চাম্বুগংয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পাহাড়ের ওপর অবস্থিত বাবার ঘর থেকে তার টেনে আনছিলেন তমাল। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ঘটনার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

