মঙ্গলবার রাতে ‘নজরবন্দি’ ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়ে নজর কাড়েন টালিউড অভিনেত্রী পায়েল সরকার। অনুষ্ঠানে তাকে দেখা গেছে কচি কলাপাতা রঙের সিক্যুয়েনের কাজ করা একটি গাউনে। তার এই পোশাকের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিল অভিনেত্রীর কানের দুল, যার নকশায় ফুটে উঠেছে ‘ইভিল আই’ বা কুনজর থেকে সুরক্ষার প্রতীক।
অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি কুনজর এড়াতেই এমন গয়না বেছে নিলেন অভিনেত্রী? এই বিষয়ে পায়েল স্পষ্ট জানান, গয়না পরার সঙ্গে কুনজরের কোনো সম্পর্ক নেই। তবে ব্যক্তিগত জীবনে তিনি কুনজরে বিশ্বাস করেন এবং এ নিয়ে তার মনে কিছুটা আতঙ্কও কাজ করে। তবে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হওয়ার চেয়ে মানুষের নেতিবাচক মনোভাবকেই তিনি বেশি গুরুত্ব দিয়ে থাকেন বলে জানিয়েছেন তিনি।
পায়েলের মতে, কোনো মানুষের থেকে নেতিবাচক মনোভাবের আঁচ পেলে তিনি তার থেকে দূরত্ব বজায় রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, কেউ যদি নিয়মিত তার বিষয়ে নেতিবাচক চিন্তা করে, তবে তার সঙ্গে সম্পর্ক রাখা বা সময় কাটানো তার কাছে অসম্ভব মনে হয়। সম্পর্কের ক্ষেত্রে মানুষের নেতিবাচক মানসিকতার প্রভাবকেই তিনি বড় করে দেখেন এবং এমন পরিস্থিতি থেকে সরে আসাকেই স্বাভাবিক সমাধান হিসেবে মনে করেন।

