কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) বাংলাদেশ দূতাবাসের দেওয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় চারজন বাংলাদেশি প্রবাসীও আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দূতাবাস।

আহত বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে বাংলাদেশ দূতাবাস। বর্তমানে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায়, রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের সেখানে গিয়ে রক্তদানের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে অন্যদেরও এই মানবিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহ দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে কুয়েত সরকার এ ধরনের স্পর্শকাতর পরিস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। কুয়েতের আইন অনুযায়ী, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য এবং সেগুলো প্রতিহত করার মুহূর্তের কোনো ছবি কিংবা ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ। তাই কুয়েত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোনোভাবেই এ ধরনের ঘটনার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।