কোডিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির নতুন সুবিধা আনল গুগল

প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান ছাড়াই ব্যক্তিগত ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির প্রক্রিয়াকে আরও সহজতর করেছে গুগল। আগে গুগল এআই স্টুডিও থেকে তৈরি অ্যাপ ফোনে ব্যবহারের জন্য কম্পিউটারের সাথে ইউএসবি সংযোগ দেওয়া এবং ইউএসবি ডিবাগিংয়ের মতো জটিল প্রযুক্তিগত ধাপ পার করতে হতো। তবে এখন গুগল প্লে স্টোরে যুক্ত করা নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নিজেদের ফোনে অ্যাপগুলো ইনস্টল ও ব্যবহার করতে পারবেন।

নতুন এই ব্যবস্থায় গুগল এআই স্টুডিওর মাধ্যমে তৈরি অ্যাপগুলো প্লে স্টোরের ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত থাকবে। ফলে এসব অ্যাপ সবার জন্য উন্মুক্ত প্লে স্টোরের সার্চ রেজাল্ট বা তালিকায় প্রদর্শিত হবে না। প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরাই এই সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। গুগল অ্যাকাউন্ট থাকলেই সাধারণ ভাষায় নির্দেশনা লিখে অ্যাপ তৈরির এই সুবিধা পাওয়া যাবে।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, এআই স্টুডিওতে অ্যাপ তৈরির প্রক্রিয়াটি বেশ সহজ। ব্যবহারকারীকে প্রথমে নিজের প্রয়োজন ও চাহিদার কথা সাধারণ ভাষায় লিখে জানাতে হবে। ওই নির্দেশনা অনুসারেই এআই স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ তৈরির কাজ শুরু করবে। অ্যাপ তৈরির চলাকালীন কোনো প্রয়োজনীয় ফিচার বাদ পড়ে গেলে তা যুক্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকেই পরামর্শ দেবে। এছাড়া অ্যাপ তৈরি হয়ে যাওয়ার পর সেটি প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করা এবং কোনো অ্যাপ পছন্দ না হলে তা সরিয়ে নতুন করে তৈরির সুযোগও রয়েছে। এই উদ্যোগের ফলে সাধারণ ব্যবহারকারীরা প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নিজস্ব প্রয়োজনে অ্যাপ তৈরি করতে পারবেন।