খুলনায় শুরু জাতীয় ক্রিকেট লীগ, ১৭ নভেম্বর ফাইনাল

খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে প্রথম শ্রেণির ক্রিকেটের আমেজ। ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) নতুন আসরের উদ্বোধন হয়েছে গতকাল সকালে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৭ই নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের টুর্নামেন্ট শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম তুহিন উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, বিসিবি কাউন্সিলর শফিকুল ইসলাম হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। এবারের আসরে প্রতিটি দল মোট সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন শুক্রবার টেকনিক্যাল টিম নিয়ে মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। মাঠ পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এনসিএলের এই ম্যাচ আয়োজনের মাধ্যমেই দীর্ঘ বিরতি কাটিয়ে খুলনায় জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণির ক্রিকেট ফিরে এলো। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং সংবাদকর্মীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিসিবি থেকে বিশেষ নজর দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি জানান, কেবল এনসিএল নয়, আগামী ডিসেম্বর মাসে শুরু হতে যাওয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের ম্যাচগুলোও এই স্টেডিয়ামে আয়োজনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভেন্যুর কিছু সংস্কার কাজ চলমান থাকার কথাও তিনি উল্লেখ করেন।