শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীদের জুতায় মিলল ১৬ কোটি টাকার সোনা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ হওয়া এসব সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটটি রানওয়েতে অবতরণের পর তল্লাশি চালানো হয়। এ সময় দুই বিমানকর্মীর জুতায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব সোনা উদ্ধার করা হয়। চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত এবং এই সোনার গন্তব্য কোথায় ছিল, তা নিয়ে তদন্ত চলছে।