চলনবিলের আদিবাসী পল্লিতে তিন দিনব্যাপী সহরায় পরব শুরু

চলনবিল অঞ্চলে বসবাসরত আদিবাসী পল্লিতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী উৎসব ‘সহরায় পরব বা সোহ্রাই’। রোববার সন্ধ্যায় মাটির প্রদীপ বা দিয়ালি প্রজ্বালনের মধ্য দিয়ে এই বর্ণিল উৎসবের সূচনা হয়। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ, পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর এবং নাটোরের সিংড়া এলাকায় বসবাসরত মাহাতো, বেদিয়া মাহাতো ও ওঁরাওসহ বিভিন্ন সম্প্রদায়ের কয়েকশ পরিবার এই আয়োজনে অংশ নিচ্ছে। মূলত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে নিজেদের কৃষিজ ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এই পরবের আয়োজন করা হয়।

উৎসবকে ঘিরে কয়েকদিন আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। বাড়ির আঙিনা, মাটির ঘরের দেয়াল ও উঠান পরিষ্কার করে চালের গুঁড়া ও পানির মিশ্রণে বাহারি নকশা আঁকেন গৃহিণীরা। উৎসবের আগের রাতে অর্থাৎ শনিবার গবাদি পশুর শিংয়ে হলুদ, সরিষার তেল ও দূর্বা ঘাস লাগিয়ে বিশেষ সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি কৃষিকাজে ব্যবহৃত লাঙল, জোয়াল ও মইয়ের মতো যন্ত্রপাতিরও বিশেষ যত্ন নেওয়া হয়।

রোববার সূর্যাস্তের পর প্রতিটি বাড়ির আঙিনা, গোয়ালঘর, খামার এবং কৃষিজ আয়ের উৎসস্থলে সারিবদ্ধভাবে জ্বালানো হয় ঘি ও তেলের প্রদীপ। আগামীর সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এই দিয়ালি প্রজ্বালন করা হয়। রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের উজ্জ্বল মাহাতো জানান, বংশপরম্পরায় সুখ, সমৃদ্ধি ও শক্তির প্রতীক হিসেবে তারা গোয়াল দেবতার পূজা করে আসছেন। এই রীতিকে কেন্দ্র করেই আদিবাসী কৃষিজীবী পরিবারগুলো গবাদি পশুর প্রতি বিশেষ যত্নবান হয়ে ওঠে।

তাড়াশের সরাপপুর এলাকার নিশিতা মাহাতো ও মাধাইনগরের শ্যামল মাহাতোর ভাষ্যমতে, হেমন্তের কঠিন মাটি চাষযোগ্য করতে গবাদি পশুর শক্তির ওপর আদিবাসীরা অনেকাংশেই নির্ভরশীল। ধর্মীয় বিধান মেনে গোয়াল পূজার মধ্য দিয়ে তারা সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও কৃপা লাভের প্রার্থনা করেন। উৎসবের আনুষ্ঠানিকতা সোমবারও অব্যাহত ছিল, যেখানে গোয়ালঘরে বিশেষ পূজা দেওয়া হয়।

মঙ্গলবার ষাঁড় নাচানো ও আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ‘ঝুমুর নাচ’-এর মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। উৎসব শেষে অংশগ্রহণকারী প্রতিটি পরিবার আতপ চালের সঙ্গে পাঁঠা ও লাল মোরগের মাংস দিয়ে খিচুড়ি রান্না করেন। বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজনে পরিবার, প্রতিবেশী ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। সময়ের পরিবর্তনের সঙ্গে আধুনিকতার ছোঁয়া লাগলেও চলনবিলের আদিবাসীরা তাদের চিরায়ত ধর্মীয় ও লোকজ ঐতিহ্য ধরে রেখেছেন, যা সামাজিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।