চিলির ফুটবলে কোলো কোলোর ৩৫তম শিরোপা জয়

চিলির ফুটবল অঙ্গনে এক স্মরণীয় দিন কাটলো ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর। নুভলেন্সের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে তারা নিজেদের ৩৫তম লীগ শিরোপা নিশ্চিত করেছে। এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে এখন দলটির ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহা। ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এই জয় তার পুরো পরিবার ও দেশ কেপ ভার্দের জন্য উৎসর্গীকৃত।

রোববার অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর মেনডেজের কর্নার থেকে চমৎকার ভলিতে কোলো কোলোকে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক তারকা আর্তুরো ভিদাল। তবে ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে নুভলেন্স সমতায় ফিরে আসে। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় মার্কোস বোলাদোস ৯৭ মিনিটে জাভিয়ের কোরেয়ার পাস থেকে জয়সূচক গোলটি করেন। ভোজিনহার দুর্দান্ত সেভও এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই জয়ের ফলে ২৭ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে কোলো কোলো। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিভারর্সিতিয়াদ দে চিলির চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব সম্পন্ন করলো দলটি। এর আগে চলতি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসা ভোজিনহা গত জুলাই-আগস্ট মাসে ছয় মাসের স্বল্পমেয়াদি চুক্তিতে এখানে যোগ দিয়েছিলেন। তবে চুক্তির স্বয়ংক্রিয় শর্ত অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত তার সান্তিয়াগোতে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ভোজিনহা বলেন, আজ শুধু উদযাপনের দিন, পরবর্তী বিষয়গুলো নিয়ে পরে ভাবা যাবে। আমার জীবনের এবং ক্যারিয়ারের বড় অর্জন এটি। লীগের বাকি তিন ম্যাচে ইউনিভার্সির্তিয়াদ কাতোলিকা, লা সেরেনা এবং কোব্রেসালের মুখোমুখি হবে নতুন চ্যাম্পিয়নরা। এই ম্যাচগুলো শেষ হওয়ার পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হবে।