বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ আগামী ১লা অক্টোবর পা রাখছে ২৮ বছরে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিশেষ দুটি অনুষ্ঠান তৈরি করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এর মধ্যে একটি অনুষ্ঠানে চ্যানেল আইয়ের যাত্রার শুরুর দিনগুলোর নানা স্মৃতি, উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ এবং প্রতিষ্ঠার সময়কার বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে। ‘মেমোরি রিওয়াইন্ড’ নামের এই বিশেষ অনুষ্ঠানটিতে স্মৃতিচারণের পাশাপাশি দীর্ঘ পথচলার নানা গুরুত্বপূর্ণ অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ১লা অক্টোবর রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।
শাইখ সিরাজের নির্মিত অন্য অনুষ্ঠানটির নাম ‘ন-মানব’। এটি তৈরি হয়েছে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক এবং আগামী দিনের প্রতিযোগিতার নানা দিক নিয়ে। বর্তমান সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক কিছু প্রশ্ন—যেমন মানুষ কি শেষ পর্যন্ত মানুষেরই প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে, নাকি মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এআই, কিংবা এআই-এর আসল প্রতিদ্বন্দ্বী কি খোদ এআই নিজেই—এমন সব বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এই আয়োজন। বিশেষ এই অনুষ্ঠানটি আগামী ২রা অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে সম্প্রচারিত হবে।

