জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে সিট দখল ও র‍্যাগিং নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবায় শৃঙ্খলা ফেরাতে এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়া করা বাসে সিট দখল, র‍্যাগিং, শিক্ষার্থীকে হয়রানি, ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বাসের সিট দখলের জন্য খাতা, কলম, পানির বোতল, ব্যাগ কিংবা মানিব্যাগ রেখে দেওয়ার মতো অসম্মানজনক প্রবণতা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বাস কমিটির প্রভাব বিস্তার এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়ার ঘটনাও প্রশাসনের নজরে এসেছে। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ ও পারস্পরিক শিষ্টাচারের পরিপন্থী। সিট দখলের নামে যেকোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ, প্রভাব বিস্তার বা র‍্যাগিংকে শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দিতে হবে। চালক ও হেলপারদের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাসে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ সিট দখলের চেষ্টা হলে তা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, পরিবহনসেবাকে র‍্যাগিংমুক্ত এবং সুশৃঙ্খল করতে সব শিক্ষার্থীর সহযোগিতা প্রয়োজন। বাস পরিচালনার ক্ষেত্রে সরকারি নিয়ম ও বিশ্ববিদ্যালয়ের বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।