পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে দেশজুড়ে আলোচনার প্রেক্ষাপটে একটি তদন্ত কমিটি গঠন করেছে দলটি। দুই সদস্যের এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বলে জানানো হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, বৈঠকে পিরোজপুরের সাম্প্রতিক ঘটনাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে সংগঠনের কেউ সত্যিই জড়িত আছেন কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখবে এই কমিটি।
ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে স্থানীয় সংগঠনকে কমিটিকে সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।

