টরন্টোতে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’

কানাডার টরন্টোতে সংগীত ও নৃত্যের সমন্বয়ে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় গত শনিবার টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই আয়োজনের শিরোনাম ছিল ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’। অনুষ্ঠানটিতে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তার পরিবেশনার মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পাশ্চাত্য ও ভারতীয় ধ্রুপদি বাদ্যযন্ত্রের সংমিশ্রণে তার সংগীত পরিবেশনায় এক নতুন মাত্রা যুক্ত হয়। রাত এগারোটার পরও মিলনায়তনে উপস্থিত দর্শকদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানটি শুরু হয়েছিল বাঁশির সুর ও মিলির কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। এরপর মঞ্চে আসেন নৃত্যাঙ্গনের দুই গুণী শিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের দলীয় পরিবেশনা ‘ধ্রিম’ ছিল পুরো আয়োজনের বিশেষ আকর্ষণ। এছাড়া তাপস দেবের নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় নাহিদ নাসরিন নয়ন ও তাপস দেবের যুগল নৃত্য পরিবেশনাও দর্শকদের প্রশংসা কুড়ায়। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা দল নিয়ে রবীন্দ্রসংগীত ‘আলোকের এই ঝর্ণাধারায়’ গানে চমৎকার নৃত্য পরিবেশন করেন।

সাংস্কৃতিক এই আয়োজনটি উপস্থাপনা করেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নাহিদ নাসরিন নয়ন এবং সাইলেন্ট ডন প্রোডাকশনসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসের মাটিতে বাংলা সংগীত, নৃত্য ও শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ ধারাকে তুলে ধরাই ছিল এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য। দর্শকদের মাঝেও বাঙালি ঐতিহ্যের প্রতি এক গভীর অনুরাগ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।