সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আবুধাবিতে দূতাবাসের কর্মসূচির সূচনা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যেখানে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। মহান মুক্তিযুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ দেশের সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ প্রার্থনা করা হয়। কনস্যুলেট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় দুবাই ও উত্তর আমিরাতের কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য রাখেন।

