ঠাকুরগাঁওয়ে ছয় দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের মতো মানবিক গুণাবলি অর্জনের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬’। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের ক্যাম্পুরির মূল প্রতিপাদ্য হলো—‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।

বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পুরির বিভিন্ন দিক তুলে ধরেন দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান। তিনি জানান, রংপুর বিভাগের আট জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা থেকে ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২০০ কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, শিশুদের জন্য ক্যাম্পুরিতে ১০টি ভিন্নধর্মী চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রম রাখা হয়েছে। এসব কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট স্থানে দুটি ভিলেজ ও চারটি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি, স্যানিটেশন এবং খাবার সরবরাহের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় এই আয়োজন সম্পন্ন হচ্ছে।

ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও মহাতাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। আয়োজকদের প্রত্যাশা, এই ক্যাম্পুরির মাধ্যমে শিশুদের মধ্যে আত্মনির্ভরশীলতা, পরোপকারিতা ও পরিবেশ সচেতনতা তৈরি হবে, যা তাদের ভবিষ্যতে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।