ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি ‘শাম-ই-নুসরাত’

বিশ্ববিখ্যাত কাওয়ালি ও সুফি সংগীতের কিংবদন্তি শিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মদিন উদযাপনে ঢাকায় আয়োজিত হচ্ছে ‘শাম-ই-নুসরাত’ শিরোনামের এক বিশেষ সংগীতসন্ধ্যা। সুফি সংগীতের এই কালজয়ী সাধকের প্রতি শ্রদ্ধা ও তার অনন্য অবদানের স্মরণে এই আয়োজনটি সাজানো হয়েছে। আগামী ২৩ অক্টোবর, শুক্রবার, রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটিতে সুরের মূর্ছনা ছড়াতে মঞ্চে থাকছে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’। নিজস্ব সংগীতশৈলী ও সুফি ধারার প্রতি গভীর অনুরাগের জন্য পরিচিত এই ব্যান্ডটি তাদের পরিবেশনার মাধ্যমে সুফি ও কাওয়ালির ঐতিহ্য নতুন প্রজন্মের শ্রোতাদের সামনে তুলে ধরবে। উম্মিদ ইভেন্টসের আয়োজনে এই সংগীতসন্ধ্যায় কাওয়ালি ছাড়াও শায়েরি ও সুফি নৃত্যের সমন্বয়ে এক নান্দনিক পরিবেশ তৈরি করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এটি কেবল একটি সংগীতানুষ্ঠান নয়, বরং সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হবে।

উম্মিদ ইভেন্টস জানিয়েছে, কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের জন্মদিনের এই আয়োজন তার চিরন্তন অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রয়াস। অনুষ্ঠানে আগত দর্শকদের জন্য সংগীতের পাশাপাশি বিভিন্ন স্টল ও বিশেষ ফটো বুথের ব্যবস্থাও রাখা হয়েছে। সহজে যাতায়াতের সুবিধাসম্পন্ন ও নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত এই সংগীতসন্ধ্যা সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে বলে আয়োজকদের বিশ্বাস।

কাওয়ালি সংগীতকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের কণ্ঠ আজও বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে অনুরণিত হয়। সেই মহান শিল্পীর অসাধারণ সৃজনশীলতা ও পরিবেশনার ধারাকে স্মরণ করতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে উম্মিদ ইভেন্টস। ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’-এর পরিবেশনার মাধ্যমে মূলত সেই কিংবদন্তি শিল্পীর প্রতিই শ্রদ্ধা নিবেদন করা হবে এই আয়োজনে।