২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৬৬ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে বুধবার (৪ নভেম্বর) জানানো হয়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং খুলনা বিভাগে দুজন রয়েছেন। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা যান। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৬৮ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২১৫, বরিশালে ২০৬, রাজশাহীতে ১৭১, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬৬ এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।