সরাসরি ঝড় কিংবা প্রচণ্ড জলোচ্ছ্বাস না হলেও কেবল বৃষ্টির ফাঁদে পড়ে দেশের কৃষি ও উপকূলীয় অর্থনীতিতে ব্যাপক বিপর্যয় ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সংগৃহীত প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশের ২০টি জেলায় মোট ২৪ হাজার ৮১৮ হেক্টর জমির ফসলের চরম ক্ষয়ক্ষতি হয়েছে। জলবায়ুর এমন আকস্মিক প্রভাবে সাতক্ষীরার তালা, ফেনী, ভোলা, রাজবাড়ী, বরগুনার আমতলীসহ সুন্দরবনসংলগ্ন বিভিন্ন অঞ্চলের চাষিরা চরম বিপাকে পড়েছেন। ঝড়–জলোচ্ছ্বাস হয়নি, কারও জান যায়নি। ১৯–২০ নভেম্বর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং ২০ নভেম্বর থেকে প্রকাশিত সংবাদে পাকা ধান, কাটা ধান ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা ও ক্ষতির খবর উঠে এসেছে।
একইভাবে উপকূলীয় শুঁটকি উৎপাদনে বড় ধরনের ধস নেমেছে। গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া চলতি মৌসুমে পর পর তিনটি নিম্নচাপের ধাক্কায় দুবলারচর, আলোকচর, মেহের আলীর চর, মাঝের কেল্লা ও অফিস কেল্লার মতো শুঁটকিমহালগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদ ও অনুকূল আবহাওয়া না থাকায় উৎপাদিত মাছ নষ্ট হয়ে ১০ হাজারের বেশি জেলে, ব্যবসায়ী ও শ্রমিকের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
অথবা ১৮ নভেম্বর কৃষি আবহাওয়া তথ্যসেবা (BAMIS) থেকে জেলাওয়ারি বুলেটিন প্রকাশ করে ২০ ও ২১ নভেম্বর ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। ফসল সুরক্ষায় সেদিন কৃষকদের জন্য সুনির্দিষ্ট কিছু নির্দেশনাও দেওয়া হয়
- জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখা।
- বৃষ্টির আগে পরিপক্ব ফসল সংগ্রহ করা।
- বীজতলার সবজি চারা পলিথিন দিয়ে ঢেকে রাখা।
- সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ বন্ধ রাখা।
- বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকা।
তবে আগাম বার্তা জারি করা সত্ত্বেও মাঠপর্যায়ে কেন এত বড় ক্ষতি ঠেকানো গেল না, তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় মনিটরিং ব্যবস্থার অন্তত ছয়টি দুর্বলতা সামনে এসেছে। এখানে সতর্কতা এবং সেটা মনিটরিংয়ের ছয়টি সম্ভাব্য দুর্বলতা খতিয়ে দেখা প্রয়োজন।
প্রথমত, কৃষি আবহাওয়া বুলেটিনের তথ্য মাঠপর্যায়ের সব কৃষকের কাছে সময়মতো পৌঁছেছে কি না এবং তা বাস্তবায়নের উপায় ছিল কি না।
দ্বিতীয়ত, সতর্কবার্তার সঙ্গে ফসল কাটার জন্য প্রয়োজনীয় শ্রম বা যান্ত্রিক সহায়তার কোনো নীতিগত উদ্যোগ যুক্ত ছিল না। তৃতীয়ত, মাত্র এক বা দুই দিনের স্বল্প সময়ে পর্যাপ্ত শ্রমিক ও পরিবহন ছাড়া পুরো মাঠের পাকা আমন ধান কেটে ফেলা কোনো কৃষকের পক্ষেই সম্ভব নয়।
চতুর্থত, নিচু জমি ও অপর্যাপ্ত নালার কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে বৃষ্টির পানি দ্রুত সরতে পারেনি, যা ক্ষতির পরিমাণ বাড়িয়েছে। পঞ্চমত, কেটে রাখা ধান শুকানো ও সুরক্ষার ব্যবস্থা না থাকায় উন্মুক্ত স্থানে রাখা ফসল নষ্ট হয়েছে। ষষ্ঠত, শুঁটকিমহালগুলোর জন্য মাছ ঢাকার ত্রিপল বা সুরক্ষার কোনো বিশেষ প্রচারণা ও ব্যবস্থা ছিল না। কোথাও মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কোথাও ধান ডুবে গেছে পানিতে, কোথাও শীতের সবজির বীজতলা, আবার কোথাওবা পেঁয়াজ বীজতলা, আলুখেত ভেসে গেছে। শুঁটকিমহালগুলোর জন্য আলাদা সতর্কবাণী এবং জানমাল রক্ষার ব্যবস্থা। বৃষ্টির সম্ভাব্য তারিখ অনুমান করার পর শুঁটকির জন্য মাছ ধরা বন্ধের কোনো নির্দেশনা ছিল কি না।
উপকূলের শুঁটকি খাতের সংকট কেবল বাতাস বা ঢেউয়ের আঘাতের ওপর নির্ভর করে না; বরং এটি বহুবিধ ঝুঁকিতে জর্জরিত। এর মধ্যে উল্লেখ্য বিষয়গুলো হলো
- সমুদ্রের অনিশ্চিত আবহাওয়া।
- মৌসুমি আয়নির্ভরতা।
- ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ গ্রহণ।
- মাছ শুকানোর জন্য রোদ ও আবহাওয়ার ওপর নির্ভরতা।
- বিকল্প কর্মসংস্থানের সীমাবদ্ধতা।
- দুর্যোগের পর আর্থিক পুনরুদ্ধারের অনিশ্চয়তা।
অন্যদিকে, আবহাওয়া বার্তা পূর্বাভাস থেকে আগাম কার্যক্রমে রূপান্তরের ব্যর্থতা ফুটে উঠেছে সেন্ট মার্টিনে পর্যটক আটকে পড়ার ঘটনায়। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ২৯ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষকসহ ৩১ জনের একটি দল ১৭ নভেম্বর সেন্ট মার্টিনে যান। তাঁদের ১৯ নভেম্বর ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সেখানে আটকা পড়েন। পরবর্তীতে জানা যায়, শিক্ষার্থীসহ প্রায় ১,০০০ থেকে ১,৫০০ পর্যটক দ্বীপে অবরুদ্ধ হয়ে আছেন।
অথচ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার ধারাবাহিক পূর্বাভাস পর্যালোচনা করলে একটি স্পষ্ট কালক্রম দেখা যায়
- ১৪ নভেম্বর: ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার পূর্বাভাস।
- ১৫ নভেম্বর: Depression এবং ১৬ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।
- ১৭ নভেম্বর: ঘূর্ণিঝড় আকভান শনাক্ত; প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস।
- ১৭ নভেম্বর: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দল সেন্ট মার্টিনে যায়।
- ১৯ নভেম্বর: ফেরার নির্ধারিত দিন; জাহাজ চলাচল বন্ধ।
- ২০ নভেম্বর: শিক্ষার্থী দলসহ ১,০০০–১,৫০০ পর্যটক আটকে থাকার খবর প্রকাশিত হয়।
পরিসংখ্যান বলছে, ১৭ নভেম্বর যখন ভ্রমণ দলটি দ্বীপে পৌঁছায়, তার অন্তত তিন দিন আগেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা স্পষ্ট ছিল। যদি ‘আকভান’ ১৯৯১ সালের মতো প্রচণ্ড গতিতে আঘাত হানত, তবে বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারত। কেবল প্রশাসনিক সতর্কবার্তা জারি করেই দায়িত্ব শেষ করা যায় না; পূর্বাভাস পাওয়ার পর মাঠপর্যায়ে কী ব্যবস্থা নেওয়া হলো এবং বাস্তবে কী পরিমাণ জীবিকা ও ফসলের ক্ষতি হলো—এই বিষয়গুলো সামগ্রিকভাবে বিশ্লেষণ করাই এখন দুর্যোগ ব্যবস্থাপনার মূল চ্যালেঞ্জ। অবশ্য সে জন্য আগের মতো এখনো কেউ ক্রেডিট বা কেরামতি নিতে বলে বসেনি ‘আমাদের প্রস্তুতি দেখে আকভান রণে ভঙ্গ দিয়েছে’। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা সাধারণত মানুষকে জানায় কোথায়, কখন এবং কী ধরনের বিপদ হতে পারে এবং করণীয় কী। দুর্যোগ-সহনশীল জীবিকা (Disaster-resilient livelihoods) নিশ্চিত করতে হলে শুধু দুর্যোগের পূর্বাভাস ও উদ্ধার কার্যক্রম যথেষ্ট নয়। মাঠপর্যায়ে আবহাওয়া বুলেটিনের মর্ম বুঝিয়ে বলার এবং পদক্ষেপগুলো জানিয়ে দেওয়ার দায়িত্ব কি কাউকে দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এসব কারণ বাস্তবে কতটা দায়ী, তা মাঠপর্যায়ে যাচাই করতে হবে। সারা দেশে পাকা ধানের অপূরণীয় ক্ষতি এবং শুঁটকিমহালগুলোতে হাজার হাজার টন মাছ নষ্টের ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে: দুর্যোগ ব্যবস্থাপনা কি কেবল ঘূর্ণিঝড়ের সময় মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, নাকি দুর্যোগের পর মানুষের জীবিকা, উৎপাদন, ঋণ ও অর্থনৈতিক। মনে রাখতে হবে, শুঁটকিমহালের জেলেদের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকি শুধু ঘূর্ণিঝড়ের বাতাস, বৃষ্টি ও ঢেউয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। উৎপাদন, সংরক্ষণ, অর্থায়ন, ঋণ, শ্রমিকের নিরাপত্তা এবং দুর্যোগের পর পুনরুদ্ধার—সবকিছুকে একই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনাকে বাস্তবমুখী করতে হলে এখন তিনটি বিষয় গভীরভাবে মূল্যায়ন করা দরকার
- বৃষ্টির পূর্বাভাস কত আগে ও কতটা নির্ভুল ছিল?
- আগাম পদক্ষেপ কৃষক, কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন পূর্বাভাস অনুযায়ী কী পদক্ষেপ নিয়েছিল?
- পরিণতি শেষ পর্যন্ত কী পরিমাণ ফসল, কৃষকের বিনিয়োগ ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে? এবং এর কোনো সুদূরপ্রসারী প্রভাব আছে কি না। যেমন প্রাণী খাদ্যের অভাব, ফিড মিলের সংকট ইত্যাদি।

