ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা জিম্বাবুয়ের, অধিনায়ক সিকান্দার রাজা

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। আগামী ১৭ই অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। এরপর ১৯শে অক্টোবর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এবং ২৩শে অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার তাফাদজওয়া সিগা এবং লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ৩২ বছর বয়সী সিগার টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ওয়ানডেতে দুজনেরই এটি অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ২৯ বছর বয়সী মাসেকেসা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে এসেছেন।

দল থেকে বাদ পড়েছেন গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা গ্রায়েম ক্রেমার। এছাড়া ঊরুর চোটে থাকা ইনোসেন্ট কাইয়া ওয়ানডে দলে জায়গা না পেলেও টি-টোয়েন্টি দলে তাকে রাখা হয়েছে; আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করছে জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং লাইনআপে সিকান্দার রাজার সঙ্গে থাকছেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পেস আক্রমণে ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের ওপর ভরসা রেখেছে জিম্বাবুয়ে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭শে অক্টোবর। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯শে অক্টোবর ও ১লা নভেম্বর। উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ব্র্যাড ইভান্সের পরিবর্তে খেলবেন কুন্দাই মাতিগিমু। এরপর আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে, যার প্রথমটি শুরু হবে ৫ই নভেম্বর এবং দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৩ই নভেম্বর।

ওয়ানডে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে। টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, কুন্দাই মাতিগিমু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।