নতুন মৌলিক গান ‘কৃষ্ণ কালা’ নিয়ে এলেন আলম আরা

দেশের সংগীত অঙ্গনের সুপরিচিত শিল্পী আলম আরা মিনুর কণ্ঠে নতুন মৌলিক গান ‘কৃষ্ণ কালা’ সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। প্রসেনজিৎ মণ্ডলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আলামিন খান। তৌফিকের পরিচালনায় গানটির জন্য একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। নতুন এই গানটি প্রসঙ্গে শিল্পী আলম আরা মিনু বলেন, ‘গানটির কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গেছে। দীর্ঘ বিরতির পর এমন ভিন্নধর্মী বাণিজ্যিক ঘরানার মৌলিক গানে কণ্ঠ দিলাম। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন। সুন্দর এই সৃষ্টির সুযোগ করে দেওয়ায় গীতিকার ও সুরকার প্রসেনজিৎ মণ্ডলের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’

গানের বাইরে বর্তমানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই শিল্পী। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের ‘গান বাক্স’ অনুষ্ঠানে লালন লোহানীর কথায় ও নাজির মাহমুদের সুরে ‘কিছুটা ভালোবাসি’ শিরোনামের একটি গান পরিবেশন করেছেন তিনি। খুব শিগগিরই জিটিভিতে তার একটি বিশেষ সাক্ষাৎকার প্রচারের কথা রয়েছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যেই জহুরুল ইসলাম জনির কথা ও সুরে একটি এবং মান্নান মোহাম্মদের সুরে আরেকটি নতুন গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি চলছে তার।

নিজস্ব সুর নিয়েও নতুন কাজ শুরু করেছেন এই গুণী শিল্পী। বিটিভির জন্য মিনুর নিজের সুরে একটি বিশেষ গানের আয়োজন তৈরি হচ্ছে। এই অনুষ্ঠানে তার নিজের সংগীতায়োজিত গানের পাশাপাশি অন্যান্য সুরকারদের কাজও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

বাংলা সংগীতে আলম আরা মিনু এক উজ্জ্বল নাম। ‘যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘রাজপ্রাসাদের সুখ চাই না আমি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘সোনা দানা দামি গহনা’, ‘যে বাতাসে ফুটে ফুল’ এবং ‘তারপর একযুগ কেটে গেলো’-এর মতো অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের মাঝে তিনি নিজের শক্তিশালী অবস্থান গড়ে নিয়েছেন।