আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। সভায় শিক্ষা খাতে বিশ্বব্যাংকের অর্থায়ন ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের বর্তমান প্রভাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে বৈঠকে আগ্রহ প্রকাশ করা হলে মাহদী আমিন আশ্বস্ত করে বলেন, কোনো বিনিয়োগকারী বা প্রতিষ্ঠান যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসে, তবে সরকার তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এ ছাড়া উচ্চশিক্ষার আধুনিকায়ন, উদ্ভাবন ও শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে, শিক্ষার মান নিশ্চিত করতে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নের বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন জানান, তৃতীয় ভাষা শিক্ষা চালু, সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি, প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং বাধ্যতামূলক ল্যাব চালু করার কাজ চলমান রয়েছে। এ ছাড়া পরীক্ষাগারের আধুনিকায়ন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ প্রস্তুত ও শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার মতো পদক্ষেপগুলো বাস্তবায়িত হচ্ছে। শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি উচ্চশিক্ষায় গবেষণার সুযোগ বাড়ানোই সরকারের মূল লক্ষ্য।
হিট প্রকল্পের আওতায় প্রশিক্ষিত শিক্ষকদের অভিজ্ঞতা এবং প্রকল্পের প্রভাব নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন। এই প্রকল্পের সফলতার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড, কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য মাসুমা হাবিব। এ ছাড়া হিট প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুজ্জামান, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এতে অংশগ্রহণ করেন।
সভার আনুষ্ঠানিকতা শেষে মাহদী আমিনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় শিক্ষা খাতে বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলের বিদ্যমান অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি সহযোগিতার নতুন সম্ভাবনা এবং সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

