কিশোরগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল আট বছরের শিশুর

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হামজা নামে আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হামজা স্থানীয় গজারিয়া এলাকার মো. সুজন ও মর্জিনা বেগমের সন্তান। সে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করত। কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের একটি বাসের ধাক্কায় হামজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হামজা তার মায়ের সঙ্গে ঢাকা থেকে কটিয়াদীতে আসে।

স্থানীয় সূত্র জানায়, মা ও ছেলে ঢাকা থেকে অটোরিকশাযোগে গজারিয়া বাজারে পৌঁছায়। অটোরিকশা থেকে নেমে হামজা একাই রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির প্রাণহানি ঘটে। ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়, তবে পরে বাসটির নম্বর (কিশোরগঞ্জ-ব-১১-০১১৬) শনাক্ত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্তানের মৃত্যুর খবর ও ঘটনাস্থলের দৃশ্য দেখে হামজার মা কান্নায় ভেঙে পড়েন।

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নবীনূর রহমান জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বাসটি শনাক্ত ও আটক করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মাঝে আহাজারি চলছে।