সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট সূচিতে পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দাম্মাম রুটে সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের টিকিটসহ ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। গত ২১ অক্টোবর রাতে কিং ফাহাদ বিমানবন্দরে ওই হামলার ঘটনার পর যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

