সৈয়দপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে নিজের বাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে নিরাপত্তা চেয়েছেন নয় মাসের অন্তঃসত্ত্বা মোছা. সেলিনা বেগম। এ ঘটনায় তিনি ১২ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তাদের বাড়ি সৈয়দপুর পৌরসভার গফুর বস্তি এলাকায় অবস্থিত। একটি মোবাইল ফোন ও তিন হাজার টাকা নিয়ে স্থানীয় রাসেল নামের এক যুবকের সঙ্গে বিরোধের জের ধরে গত ১৪ই অক্টোবর প্রথমবার তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

সেলিনা বেগমের ভাষ্যমতে, তার স্বামী মো. বাপ্পিকে আগে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করে পুলিশ আটক করেছিল। পরবর্তীতে একটি পুরোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি অভিযোগ করেন, গত ২০শে অক্টোবর সন্ধ্যায় আবারও হামলাকারীরা তাদের বাড়িতে চড়াও হয়। সেসময় হামলাকারীরা তাকে ও তার চার নাবালক সন্তানকে মারধর করে এবং চারটি ঘর ভাঙচুর চালায়। এ ঘটনায় আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে, যার ফলে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার পর তিনি চিকিৎসাও নিয়েছেন। বর্তমানে চার সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেলিনা। তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।