ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিলীপ ট্রফির ফাইনাল ম্যাচটি বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে জানিয়েছেন, দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচটি যেন সাধারণ দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেবজিৎ সাইকিয়া আরও জানান, টুর্নামেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল এবং দুটি সেমিফাইনাল বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) অনুষ্ঠিত হবে। তবে সরকারি কিছু বিধিনিষেধের কারণে সেখানে দর্শকদের প্রবেশের অনুমতি নেই। এই সীমাবদ্ধতার কথা বিবেচনা করেই ফাইনাল ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের এই ফাইনাল ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২৩ আগস্ট থেকে শুরু হবে ইন্টার-জোনাল রেড-বল মাল্টি-ডে প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে, যেখানে ইস্ট জোন মুখোমুখি হবে নর্থ ইস্ট জোনের এবং নর্থ জোন খেলবে ওয়েস্ট জোনের বিপক্ষে। এরপর ৩০ আগস্ট থেকে শুরু হবে দুটি সেমিফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন ফাইনালে সাউথ জোনকে হারিয়ে শিরোপা জিতেছিল। উল্লেখ্য, টুর্নামেন্টের সব ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে এবং ফাইনালসহ গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ টেলিভিশনেও দেখা যাবে।

