বিশ্বখ্যাত ক্রীড়া নেটওয়ার্ক ইএসপিএন-এর প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মঙ্গলবার ৯৩ বছর বয়সে পরলোকগমন করেছেন। নেটওয়ার্কটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগের জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইএসপিএন-এর চেয়ারম্যান জিমি পিটারো বলেন, বিল একজন অসাধারণ মানুষ ও উদ্ভাবক ছিলেন, যিনি কেবল খেলাধুলা নিয়ে একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক তৈরির স্বপ্ন দেখেছিলেন।
১৯৭৮ সালে নিজের ছেলে স্কট রাসমুসেনের সঙ্গে মিলে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খেলাধুলাভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা করেন তিনি। এর ধারাবাহিকতায় ১৯৭৯ সালের ৭ সেপ্টেম্বর মাত্র ১৪ লাখ দর্শকের ঘরে ইএসপিএন-এর যাত্রা শুরু হয়। চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠান ছিল জনপ্রিয় ‘স্পোর্টসসেন্টার’। রাসমুসেন ইএসপিএন-এর প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৯ সালের জুলাই মাসে চেয়ারম্যান পদে উন্নীত হন। ১৯৮০ সালের অক্টোবর পর্যন্ত তিনি সক্রিয়ভাবে কোম্পানির নেতৃত্ব দেন।
তার নেতৃত্বেই ইএসপিএন ২৪ ঘণ্টা খেলাধুলা সম্প্রচার এবং এনসিএএ পুরুষ বাস্কেটবল টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ডগুলো সরাসরি দেখানোর মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিল। মাত্র ৮০ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা ইএসপিএন আজ বিশ্বজুড়ে ৫ হাজার ৯০০ জনেরও বেশি কর্মীর একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে নেটওয়ার্কটি আটটি মার্কিন টেলিভিশন চ্যানেল, একটি স্পোর্টস অ্যাপ এবং ইএসপিএন অডিওসহ নানা সেবা প্রদান করছে।
ব্যক্তিগত জীবনে বিল রাসমুসেনের স্ত্রী লোইস ২০১১ সালে মারা যান। তিনি দুই ছেলে, এক মেয়ে, সাত নাতি-নাতনি এবং দুই প্রপিতামহ রেখে গেছেন। ক্রীড়া সম্প্রচারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাকে ‘স্পোর্টস ব্রডকাস্টিং হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া আমেরিকান ক্রীড়া ইতিহাসের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তাকে ‘স্পোর্টস ১০০’ হিসেবে সম্মানিত করা হয়েছিল।

