দেশে কলেরার টিকাদান কর্মসূচি শুরু: ৫২ লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য

দেশের কলেরা প্রবণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এক বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে, তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতামুক্ত থাকবেন। বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ‘সর্বজনীন কলেরা প্রতিরোধ টিকাদান কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টিকা কার্যক্রমটি দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম দফার টিকাদান ২২শে আগস্ট থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফার টিকাদান ২৬শে সেপ্টেম্বর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা গ্রহণ করা যাবে।

এই কর্মসূচির আওতায় ডিএসসিসি’র লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচরের ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকা এবং মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকেও এই টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।