ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন (৩৬)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ চক্রটির অবস্থান শনাক্ত করে। এসআই মো. আনছার উল্লাহ ও মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে ডিবির একটি দল কালিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম ধাপে বৃহস্পতিবার রাতে নোয়াগ্রাম থেকে হাবিবুর রহমানকে এবং পরে একই রাতে মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল হাসান নয়নকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছ বিক্রির ভুয়া বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ। পলাতক ও অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করা জরুরি। প্রতারকদের আইনের আওতায় আনতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।

