ভালোবাসার অব্যক্ত অনুভূতি ও নির্ঘুম রাতের গল্প নিয়ে নতুন একটি দ্বৈত গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম এবং সোমলতা আচ্যার্য্য কোনাল। তাদের নতুন এই গানটির শিরোনাম ‘নির্ঘুম রাত জানে’। গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল, আর সুর ও সংগীত আয়োজনে রয়েছেন প্রখ্যাত সংগীত পরিচালক শওকত আলী ইমন। সম্প্রতি মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটির মূল ভাবনার বিষয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রমাণ কেবল মুখে বলা কথায় থাকে না। মনের ভেতরের গোপন অনুভূতিগুলো যখন কাজে মনোযোগ নষ্ট করে কিংবা নির্ঘুম রাত উপহার দেয়, তখনই ভালোবাসার অস্তিত্ব প্রকট হয়ে ওঠে। অন্যের কাছে আবেগ লুকিয়ে রাখা গেলেও নিজের কাছে তা আড়াল করা অসম্ভব। এই প্রচ্ছন্ন সত্যই গানটির কথায় তুলে ধরা হয়েছে।
সংগীত পরিচালক শওকত আলী ইমন এই জুটির প্রশংসা করে বলেন, চলচ্চিত্রে বালাম ও কোনাল এর আগেও বহু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। তাদের কাজের রসায়ন বেশ চমৎকার। নতুন এই গানটিতেও তারা অসাধারণ গায়কী উপস্থাপন করেছেন, যা দর্শক-শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গানটি নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠশিল্পী কোনাল বলেন, বর্তমানে শ্রোতারা যে ধরনের মেলোডি ও আবেগপ্রধান গান শুনতে পছন্দ করেন, ‘নির্ঘুম রাত জানে’ ঠিক তেমনই একটি কাজ। ভালোবাসার যে অনুভূতি মুখে প্রকাশের চেয়ে আচরণে বেশি ধরা পড়ে, সেটিই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বালাম ভাইয়ের সঙ্গে পূর্বের সফল কাজগুলোর মতোই এই নতুন গানটিও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান এবং ‘হান্নান’ সিনেমায় একসঙ্গে কণ্ঠ দিয়ে বালাম ও কোনাল জুটি ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এই দিন সেই দিন ঈদ আনন্দ’-এর সূচনা সংগীতেও তাদের একসঙ্গে পাওয়া গেছে।

