পর্যটন শিল্পের বিকাশে অসামান্য অবদান ও কন্টেন্ট তৈরির স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন। শুক্রবার কক্সবাজারের সি ওয়ার্ল্ড হোটেলে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ইমন তার একটি ভিডিওতে মনখালি গ্রামকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ হিসেবে উপস্থাপন করেছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওটির কল্যাণে এলাকাটি এখন পর্যটকদের কাছে নতুন পরিচিতি পেয়েছে এবং সেখানে নিয়মিত ভিড় বাড়ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ এম. এ. বাশার আবু এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারণার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

